৬৬৬ কোটি টাকার ক্ষতি পূরণে ২৪০ কোটি টাকার অনুদান চেয়েছে ই-ক্যাব

৯ এপ্রিল, ২০২০ ২৩:০০  
করোনা পরিস্থিতি দীর্ঘায়িত হলে দুই হাজার কোটি টাকার ক্ষতির মুখে পড়বে দেশের ই-কমার্স খাত। আর এই ক্ষতি কাটিয়ে উঠতে সরকারের কাছে ২৪০ কোটি টাকার অনুদান চেয়েছে ই-কমার্স ব্যবসায়িদের সংগঠন ই-ক্যাব। পাশাপাশি সরল ২ শতাংশ হার সুদে ৬০০ কোটি টাকা ঋণও চেয়েছে সংগঠনটি। এ বিষয়ে ই-ক্যাবের অর্থ সম্পাদক আব্দুল হক অনু ডিজিবাংলাকে বলেন, বর্তমানে দেশে ই-কমার্সের প্রায় আট হাজার কোটি টাকার বাজার রয়েছে। সেই হিসেবে করোনার কারণে ব্যবসা বন্ধ থাকায় প্রতিমাসে ক্ষতি হবে ৬৬৬ কোটি টাকার বেশি। করোনার স্থায়িত্ব তিন মাস হলেও এই খাতে ক্ষতি হবে দুই হাজার কোটি টাকা। অথচ এই খাতে কর্মরত আছেন প্রায় সোয়া লাখ উদ্যোক্তা ও কর্মী। জিডিপিতে শূন্য দশমিক দুই শতাংশ আসে ই-কমার্স থেকে। ২০১৯ সালে প্রায় ১০০ কোটি টাকার রেমিটেন্স আয় হয় ই-কমার্সের কল্যাণে। করোনা প্রতিযুদ্ধে ই-কমার্স প্রতিষ্ঠানগুলো কীভাবে শরিক হয়েছে জানতে চাইলে তিনি বলেন, করোনা ভাইরাস মোকাবেলা করে দেশের যেসব ই-কমার্স প্রতিষ্ঠান নিত্যপ্রয়োজনীয় দ্রব্য, ঔষধ সরবরাহ করে তারা সেবা অব্যাহত রেখেছে। তাদেরকে সচল রাখতে ইতোমধ্যে ঢাকার বিভাগীয় ডিসি, আইসিটি বিভাগের কাছ থেকে অনুমতি নিয়ে এটুআই এর সঙ্গে সমন্বয় করা হয়েছে।